আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দিতে আজ সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
স্পিকার আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন।
সেখানে তিনি ওই ইরানি নেতার জানাজায় অংশ নেবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি নিহত হন।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর তিনি দেশটির বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) দায়িত্ব নেন।
পরবর্তীতে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
