নিয়োগের ৩ দিনের মধ্যে বাদ পড়লেন নৌ সচিব

এর আগে গতকাল একদিনের ব্যবধানে খাদ্য সচিবের নাম প্রত্যাহার করা হয়
স্টার অনলাইন রিপোর্ট

সচিব পদে নিয়োগ পাওয়ার ৩ দিনের মধ্যে আবার বাদ পড়লেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ কে এম মতিউর রহমান। 

আজ বুধবার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে  প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এর আগে ৩০ সেপ্টেম্বর সচিব হিসবে নিয়োগ পেয়েছিলেন এই কর্মকর্তা।

এর আগে একদিনের মধ্যে খাদ্য সচিবের নাম প্রত্যাহার করা হয়েছিল।

এ কে এম মতিউর রহমানকে সচিব পদে নিয়োগ দেওয়ার তিন দিনের মধ্যে কেন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তা জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। 

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক সরকারের পক্ষে লেখালেখির অভিযোগ থাকায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই ঘটনা ঘটেছে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের ক্ষেত্রেও। গতকাল মঙ্গলবার ইলাহী দাদ খানকে খাদ্য মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সেই চুক্তি বাতিল করা হয়।

আজ আবার মো. মাসুদুল হাসানকে খাদ্যসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।