ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৮৫

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৬৮৫ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই ঢাকার বাসিন্দা। দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৫০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৯১ জনে।

আক্রান্তদের মধ্যে ৩৬ হাজার ২৬ জন ইতোমধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭১৫ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ হাজার ১৩ জন ঢাকার বাইরের।