ভবিষ্যতে আরও ভালো ফল করবে বিএনপি: নজরুল ইসলাম খান

স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচনে প্রাপ্ত ফলাফলের চেয়ে ভবিষ্যতে আরও ভালো ফলের আশা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। 

আজ শুক্রবার নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর সকাল ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল। আমাদের তো ধারণা ছিল, আমাদের সব প্রার্থীই জিতবে। এটা সবাই তাই মনে করে। এমনকি যারা দুই-চার-পাঁচশ ভোটও পায়, তারাও বিজয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নেয়।

নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘কোনো ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয়? শতভাগ সন্তুষ্ট হওয়া খুব কঠিন ব্যাপার। তবে মোটামুটি (সন্তুষ্ট)।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে আগের অনেক নির্বাচনের মতো এবার বড় ধরনের প্রাণহানি, ক্ষয়ক্ষতি বা রাষ্ট্রীয় সম্পদের বড় ক্ষতি হয়নি। এটা একটি গুরুত্বপূর্ণ দিক।’

তবে নির্বাচনে দেশের জনগণের বড় একটি অংশ অংশগ্রহণ না করায় খেদ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছে, সেটা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি যে, আগামী দিনগুলোতে আমরা পারব জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তুলতে পারব।