‘রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা’
রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জুলাই সনদ–সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রুল জারির প্রেক্ষাপটে আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ, গণভোটের প্রশ্ন এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৩০টি সংস্কার প্রস্তাবের বিষয়ে হাইকোর্ট বিভাগ চার সপ্তাহের রুল জারি করেছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক বিষয় আদালতের বারান্দায় নেওয়া সমীচীন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা ইতিবাচক ফল বয়ে আনেনি; বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা সৃষ্টি করেছে।’
তিনি আরও বলেন, ‘পরিকল্পিতভাবে রিট পিটিশন দায়ের করিয়ে পর্দার আড়াল থেকে ইন্ধন দেওয়া হলে তা দ্বিচারিতা ও আত্মঘাতী পদক্ষেপ হবে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘পছন্দসই ফল পাওয়ার উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার পুরোনো কৌশল পরিহার করতে হবে। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায়, তা জনগণের প্রত্যাশার পরিপন্থী হবে।’
দেশের জনগণ ও জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করানোর যেকোনো অপচেষ্টা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অবিলম্বে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান এবং সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।