সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য
জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আগামীকাল রোববারের মধ্যে আহ্বানের উদ্যোগ না নিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
আজ শনিবার ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ হুঁশিয়ারি দেন।
এর আগে লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে আযাদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়েও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং এতে জনগণের সমর্থন রয়েছে। সে অনুযায়ী সরকারের দায়িত্ব দ্রুত পরিষদের কার্যক্রম শুরু করা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অধিবেশন না ডাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
আজকের বৈঠকে অংশ নেওয়া ১১-দলের প্রতিনিধিরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তাদের মতে, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম বিলম্ব করা উচিত নয়, বলেন তিনি।
আযাদ আরও বলেন, আগামীকালের মধ্যে সরকার এ বিষয়ে স্পষ্ট উদ্যোগ না নিলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের ভোটাধিকার ও প্রত্যাশা রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রস্তুতি রয়েছে।
বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের বিকল্প হিসেবে প্রশাসনিক নিয়োগ দীর্ঘায়িত হলে তা নতুন করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানও জানান তিনি।