২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির, করবেন দোয়া
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে 'রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে' জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিরোধী দলীয় নেতা ও জামায়েত ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেছে জামায়াত।
এর অংশ হিসেবে আগামীকাল বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে দলটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমিরসহ কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের শীর্ষ নেতারা।
পর দিন ২৬ মার্চ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, ২৬ মার্চ সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান 'রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।'