ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, মোট নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ও পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট নিহতের সংখ্যা তিনজনের দাঁড়ালো।

বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজুল মিয়া (৫৪) নামে একজনের মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহফুজুল মিয়ার বাড়ি গোয়ালনগর ইউনিয়নের শিমেরকান্দি গ্রামে। তার বাবার নাম আব্দুন নূর।

শাহীনুল আরও বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। তবে পুলিশ এ পর্যন্ত ২০ জনকে আটক করেছে।’