নিজেদের মতো সংবিধান ব্যাখ্যা করছে বিএনপি: নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

সংবিধানের ব্যাখ্যা নিয়ে বিএনপি সরকারের আচরণে দ্বিচারিতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার রাজনীতি আওয়ামী লীগ আমলেও দেখেছি।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জে এনসিপির সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। যেখানে সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু সরকারি দল যারা আছেন, তারা গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন।

তিনি বলেন, পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নেই। এই দ্বিচারিতা ও সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করার রাজনীতি আমরা কিন্তু আওয়ামী আমলে দেখেছি।

এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ একইভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছে। সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করেছে। এখন যারা সরকারে আছে, তাদের মধ্যেও আমরা একই প্রবণতা দেখতে পাচ্ছি। সেই প্রবণতা যদি থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানান দেবে।

তিনি আরও বলেন, আমাদের সংগ্রাম সংসদ ও রাজপথ সব জায়গায় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি। কিন্তু সংসদে গিয়ে আমরা রাজপথ ভুলে যাব না।

‘রাজপথ থেকে আমাদের জন্ম হয়েছে। এখানেই জনগণের সঙ্গে আমাদের সেই সম্পর্ক আরও বৃদ্ধি করতে হবে। আমরা চাই যে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির কথা বলছি, সেটি আমাদের চর্চায় যাতে আসে,’ যোগ করেন তিনি।