জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও অন্যায় হয়: শফিকুর রহমান

স্টার অনলাইন রিপোর্ট

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, তাই দলের নেতাকর্মীদেরও ভুল-ত্রুটি ও অন্যায় হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তবে কোনো অন্যায় বা অপরাধ প্রমাণিত হলে দল তা প্রশ্রয় দেবে না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। পরিষ্কার করে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমাদেরও ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়।’

তিনি জানান, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তাদের কাছে জামায়াতের আহ্বান—দলের কোনো সদস্যের অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা জানান।

‘আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন করব,’ যোগ করেন তিনি।

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে গত বুধবার সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তার বিরুদ্ধে 'নৈতিক স্খলন' প্রমাণিত হয়েছে উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলটি নির্বাচন কমিশনকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

আজকের বক্তব্যে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘সাদা কাপড়ে দাগ কম লাগলেও, যে দাগ লাগে তা স্পষ্টভাবে দেখা যায়। তাই দলের দায়িত্বশীলদের আরও বেশি সতর্ক থাকতে হবে।’

শফিকুর রহমান বলেন, ‘নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। সহনীয় মাত্রার কোনো বিচ্যুতি হলে আমরা সংশোধনের চেষ্টা করব এবং দায়িত্ব পালনের সুযোগ দেব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদের সিদ্ধান্তের দিকেই যেতে হবে।’