হাইকোর্টে বিএনপির ৪৩৮ নেতাকর্মীর আগাম জামিন

স্টার অনলাইন রিপোর্ট

বিভিন্ন অভিযোগে করা ২৭ মামলায় ১২ জেলার ৪৩৮ বিএনপি নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মামলায় জামিন চেয়ে বিএনপি নেতাদের করা ২৯টি পৃথক আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার হাইকোর্টের দুটি পৃথক বেঞ্চ আগাম জামিন মঞ্জুর করেন। 

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এসব জামিন আবেদন মঞ্জুর করেন।

যানবাহন ভাঙচুর, পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়াসহ আরও কিছু অভিযোগে ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, মেহেরপুর, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, বরিশাল ও নেত্রকোনায় এসব মামলা করা হয়েছিল। 

জামিন আবেদনসহ জন্য হাইকোর্ট বেঞ্চে হাজির হন অভিযুক্ত বিএনপি নেতাকর্মীরা।

তাদের আইনজীবী কায়সার কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'এসব মামলায় ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আসামিদের আত্মসমর্পণ করতে বলেছেন হাইকোর্ট বেঞ্চ।'

তিনি আরও বলেন, 'বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতদের হয়রানি করতে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।'