আজও পুলিশের ‘নিয়ন্ত্রণে’ নয়াপল্টন

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রেখেছে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, পুরো পল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ৩০০ এর বেশি পুলিশ সদস্য পল্টন এলাকায় রয়েছে। সেখানে সব রাস্তা বন্ধ রাখা হয়েছে। কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা সেই এলাকার বাসিন্দা, তাদেরকেও বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। আর বিএনপি কার্যালয় আজও তালাবদ্ধ।

bnp-office.jpg
আজও বিএনপি কার্যালয় তালাবদ্ধ। ছবি: আসিফুর রহমান/স্টার

নাইটিঙ্গেল মোড় দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ সদস্যরা জানান, সেখানে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা রয়েছে। তাই সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গত বুধবার বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানের সময় থেকেই পুরো নয়াপল্টন পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। বৃহস্পতিবার কিছু সময়ের জন্য ব্যারিকেড ওঠালেও গতকালও সারাদিন মূল রাস্তা বন্ধ ছিল।

আজ সকাল সাড়ে ১০টায় গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।