বিচিত্র দিবস

‘কাবাব লাভারদের’ দিন আজ

কাবাবের নাম শুনলেই নাকে ভেসে আসে কয়লার আগুনে সেঁকা মাংসের ধোঁয়াটে সুবাস। রাস্তার মোড়ের ছোট্ট দোকান থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ, কাবাবের কদর সর্বত্র। আর এই বিশ্বজোড়া জনপ্রিয়তাকেই উদযাপন করা হয় বিশ্ব কাবাব দিবসে।

কাবাবের বড় বৈশিষ্ট্য হলো, এটি কোনো একটি দেশের খাবার হয়ে আটকে নেই। মধ্যপ্রাচ্যে যার জন্ম, সেই কাবাব আজ তুরস্ক, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, গ্রিস, ইউরোপ কিংবা আমেরিকাসহ সবখানেই নিজের স্বাদে জায়গা করে নিয়েছে। অঞ্চলভেদে বদলেছে মসলা, রান্নার কৌশল ও পরিবেশন, কিন্তু সব অঞ্চলেই আছে সমান আবেদন।

ইতিহাস বলছে, কাবাবের শিকড় মধ্যপ্রাচ্যে। বহু শতাব্দী আগে খোলা আগুনে মাংস ঝলসে খাওয়ার রীতি থেকেই এর সূচনা। পরে সেই সাধারণ রান্নায় যোগ হয়েছে নানা মসলা, ভেষজ ও কৌশল। সময়ের সঙ্গে কাবাব হয়ে উঠেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বারবিকিউ খাবার।

আজ কাবাবের রয়েছে অসংখ্য ধরণ। এর মধ্যে শিক কাবাব সবচেয়ে পরিচিত। ছোট ছোট মাংসের টুকরো, কখনো সবজির সঙ্গে, শিকে গেঁথে কয়লার আগুনে ধীরে ধীরে সেঁকা হয়। খাসি, গরু, মুরগি, মাছ—প্রায় সব ধরনের প্রোটিন দিয়েই এটি তৈরি করা যায়।

আরেকটি জনপ্রিয় ধরন ডোনার কাবাব। এতে ধাপে ধাপে মাংস সাজিয়ে উল্লম্বভাবে ধীরে ধীরে ঘুরিয়ে সেঁকা হয়। বাইরের অংশ কেটে রুটির সঙ্গে পরিবেশন করা হয়।

এ ছাড়া কাবাব কেনজেহ, কাবাব হালাবি, কালমি, বুররাহ, গালৌতি—এমন আরও বহু ধরনের কাবাব বিশ্বের নানা প্রান্তে সমান জনপ্রিয়।

এক সময় কাবাব মানেই ছিল মাংস। এখন সেই ধারণা বদলে গেছে। মুরগি, মাছ, চিংড়ি, পনির, টোফু, মাশরুম, ভুট্টা, ক্যাপসিকাম, এমনকি আনারস দিয়েও তৈরি হচ্ছে সুস্বাদু কাবাব। ফলে নিরামিষভোজীরাও এই খাবারের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে না।

তাহলে বিশ্ব কাবাব দিবস কীভাব উদযাপন করবেন? উদযাপনের নিয়ম খুব সহজ—পছন্দের কাবাব খেয়ে ফেলুন! পরিবার বা বন্ধুদের নিয়ে বাড়ির ছাদে কিংবা বাগানে ছোট্ট বারবিকিউ আয়োজন করতে পারেন। নতুন কোনো মসলা, মেরিনেড বা রেসিপি দিয়ে নিজের মতো কাবাব বানিয়েও দিনটিকে স্মরণীয় করে তোলা যায়।

কাবাব কেবল একটি খাবার নয়, এটি নানা দেশের খাদ্যসংস্কৃতিকে এক সুতোয় গেঁথে রাখা এক অনন্য ঐতিহ্য। একেক অঞ্চলে একেক রূপ, একেক স্বাদ, একেক মসলা।

তাই বিশ্ব কাবাব দিবস কেবল সুস্বাদু খাবার খাওয়ার দিন নয়; এটি বিশ্বের নানা প্রান্তের রন্ধন ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাদের বৈচিত্র্যকে উদযাপনেরও একটি উপলক্ষ।