শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মো. নুরুজ্জামান বাদল (৫১) কিডনি জটিলতায় মারা গেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান ও মৃতের ভাই মাসুদ রানা। এ ছাড়া জামায়াতের ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাসুদ জানান, শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে রাত ৩টার দিকে স্বদেশ হাসপাতালে প্রবেশ করানোর সময় তার মৃত্যু ঘটে।