নাঈম ইসলামের ব্যাটে ঝলক

ক্রীড়া প্রতিবেদক

আব্দুল মজিদের সেঞ্চুরি আর নাদীফ চৌধুরীর ঝড় ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছিল মোহামেডান। কিন্তু রান তাড়ায় দারুণ শুরু  করেন মুমিনুল হক, বিপর্যয়ে ঋষি ধাওয়ান আনেন প্রাণ। তবে তাদেরকে ছাপিয়ে যান অধিনায়ক নাঈম ইসলাম। তার দারুণ ইনিংসের পর শেষটা আঁচড় টেনেছেন জাকের আলি। 
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বড় রান করেও প্রথম হার দেখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাটিং পেয়ে তাদের করা ৭ উইকেটে ২৯৫ রান ৪ বল হাতে রেখে পেরিয়ে ৪ উইকেটে জিতেছে রূপগঞ্জ। দলকে জেতাতে ৯২ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন অভিজ্ঞ নাঈম। 
২৯৬ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় রূপগঞ্জ। রান আউটে কাটা পড়েন ওপেনার আজমির আহমেদ। তবে আরেক ওপেনার মোহাম্মদ নাঈমকে নিয়ে মুমিনুল হক গড়েন প্রতিরোধ। দলের ৪০ রানে গিয়ে আবার রানআউটের ধাক্কা। এবার বিদায় নেন নাঈম। নিউজিল্যান্ড সফর থেকে ফিরেই মুমিনুল চনমনে খেলতে থাকায় থই পায় রূপগঞ্জ। 
৫৪ বলে ৫৫ করে মুমিনুলের দারুণ সম্ভাবনাময় ইনিংসের সমাপ্তি ঘটে শফিউলের বলে। শফিউল তুলে নেন শাহরিয়ার নাফীসকেও। তবে জোড়া ধাক্কা সামাল দিতে এগিয়ে আসেন অধিনায়ক নাঈম। ঋষি ধাওয়ানকে নিয়ে পঞ্চম উইকেটে ৯০ রানের জুটিতে ম্যাচ আনেন মুঠোয়। ঋষি ৫১ করে আউট হলেও জাকের আলিকে নিয়ে বাকি পথ অনায়াসে এগুতে থাকেন নাঈম। একদম শেষ ফিকে ৯২ বলে নাঈমের ৮৫ রানের ইনিংসও শেষ হয় রান আউটে। ততক্ষণে অবশ্য রূপগঞ্জের জেতাটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। জাকির আলি শেষ ওভারে গিয়ে সেই আনুষ্ঠানিকতা সেরেছেন। 
মিরপুরের উইকেট সকালের দিকে তাকে কিছুটা মন্থর। তখন রান তুলা হয় কঠিন। তা ভেবেই টস জিতে মোহামেডানকে ব্যাট করতে পাঠান নাঈম। অভিষেক মিত্র শুরুতেই ফিরে ফেলেও মজিদ ছিলেন ছন্দে। ওয়ানডাউনে মোহাম্মদ আশরাফুলের জায়গায় সুযোগ পেয়ে ব্যর্থ তুষার ইমরান। এদিন রকিবুল হাসানও থিতু হয়ে টানতে পারেননি, বড় রান আসেনি ইরফান শুক্কুরের ব্যাটেও। এক প্রান্তে মজিদ তাই লড়ে যান একা। ১২৬ বলে ৫ চার আর তিন ছক্কায় ১০৭ করে ফেরেন তিনি। 
তবে মোহামেডানকে বড় রান পাইয়ে দিয়েছেন নাদীফ চৌধুরী। ৪৭ বলে ৪টি করে চার ছক্কা মেরে ৬৪ রান করেন তিনি। যদিও ম্যাচ শেষে ওই রানও পর্যাপ্ত মনে হয়নি। 
সংক্ষিপ্ত স্কোর: 
মোহামেডান স্পোর্টিং ক্লাব: 
৫০ ওভারে ২৯৫/৭ (অভিষেক ৬,  মজিদ ১০৭, তুষার ১৯, রকিবুল ২৯, ইরফান ২৫, নাদীফ ৬৪, সোহাগ ১৭, ডি সিলভা ২৩*, আলাউদ্দিন ০ ;  শহীদ ৩/৭০,  ধাওয়ান ১/৪৮, আসিফ ০/৪৪, মুক্তার ১/৬৭, নাবিল ০/৪৯, নাঈম ০/১৬)
লিজেন্ড অব রূপগঞ্জ: ৪৯.২ ওভারে ২৯৬/৬   (আজমির ৩,  মো. নাঈম ৩৩,  মুমিনুল ৫৫, নাফীস ২৫, নাঈম ৮৫, ধাওয়ান ৫১, জাকের ৩৪*, মুক্তার ১* ; শফিউল ২/৬৫ , সোহাগ ০/৫৫,  সাকলাইন ০/৫৫ , আলাউদ্দিন ১/৬০ , অভিষেক ০/১৮, ডি সিলভা ০/৪১) 
ফল: রূপগঞ্জ ৪ উইকেটে জয়ী।