নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর যে ভুলের আক্ষেপে পুড়ছেন আমির

By স্পোর্টস ডেস্ক

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন মোহাম্মদ আমির। ২০১৬ সালে আবার ফেরার পর  নিয়মিত হন সব সংস্করণে। পাকিস্তানি এই পেসারের উপলব্ধি, শরীরের ধকল সম্পর্কে ধারণা না নিয়ে তিন সংস্করণে  খেলা ছিল বড় ভুল।

সীমিত পরিসরের ক্যারিয়ার লম্বা করতে গত বছরের জুলাই মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির।সাবেক পাকিস্তানি ক্রিকেটার আতিক-উজ জামানের সঙ্গে ইউটিউব আলাপচারিতায় জানান, এই সিদ্ধান্তটা শুরু থেকেই নেওয়া দরকার ছিল তার,  ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর তিন সংস্করণে খেলাটা বড় ভুল হয়েছে। আগামীর ক্রিকেটারদের এরকম ভুল না করার পরামর্শ থাকবে আমার। সবারই উচিত একটি বা দুটি সংস্করণে খেলে নিজেদের সামর্থ্য খতিয়ে দেখা, ছন্দ পাওয়া। যদি মনে হয় যে তিন সংস্করণেই খেললে শরীর কুলাতে পারব তবেই খেলা উচিত।’

আগের যেকোনো সময়ের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট বেড়ে যাওয়া, তিনটা সংস্করনে খেলার কারণে ঠাসা সূচির ধকল নিতে গিয়ে ক্রিকেটারদের চোট প্রবণতাও এখন প্রবল। এই সমস্যা বেশি পেসারদেরই। আমিরের পরামর্শ বেছে বেছে খেললে ক্যারিয়ার লম্বা হতে পারে ক্রিকেটারদের, দেরিতে হলেও সেই পথে আছেন ২৮ বছর বয়েসী আমির, ‘পেসারদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। সব সংস্করণে খেলাটা যে ভুল সেটা দুই পছর পর আমি বুঝেছি। ২০১৮ সালে চোটে পড়ি। এই কারণে টেস্ট বাদ দিয়ে কেবল সাদা বলের ক্রিকেটে আছি। আশা করছি ক্যারিয়ারটা পাঁচ-ছয় বছর লম্বা করতে পারব।’