শহীদনগর বালিকা বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ৬ ঘণ্টায় ৯৯ ভোট

By স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নগরীর লালখানবাজারের শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় নারী কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থদের সংঘর্ষের জেরে গত সাড়ে ছয় ঘণ্টায় ২ হাজার ১৭৬টি ভোটের মধ্যে ভোট পড়েছে ৯৯টি।

প্রিসাইডিং অফিসার বশির আহমেদ ভোটদানের পরিসংখ্যান প্রকাশে রাজি না হলেও, দুপুর পৌনে ৩টা পর্যন্ত কেন্দ্রের মোট পাঁচটি বুথ পরিদর্শন করে এই তথ্য জানা গেছে।

পোলিং অফিসাররা জানান, সকাল সাড়ে ১১টার মধ্যে ওই কেন্দ্রের সবগুলো বুথে মোট ভোট পড়েছিল ৭৯টি।

এরপর প্রায় আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২০টি।

পাঁচটি বুথেই পুলিশ ও পোলিং অফিসারদের সামনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের চলাফেরা করতে দেখা গেছে।

বেশ কয়েকটি বুথে প্রবেশের সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বাধা দিয়েছেন এবং বুথ থেকে বের হয়ে যেতে বলেছেন।