১২ বছরের বেশি বয়সী স্কুলছাত্রীদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করল আফগানিস্তান

By স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানে ১২ বছরের বেশি বয়সী স্কুলছাত্রীদের প্রকাশ্যে গান গাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার কাবুল-ভিত্তিক সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ টুইটারে শিক্ষামন্ত্রীর ওই বিবৃতির প্রতিলিপি প্রকাশ করেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন থেকে জানা গেছে, আফগান সরকারের বিবৃতিতে বলা হয়েছে- ১২ বছরের বেশি বয়সী স্কুল ছাত্রীরা কেবল দর্শকসারিতে শতভাগ নারী উপস্থিত থাকলেই অনুষ্ঠানে গান গাইতে পারবেন।

জার্মানির বার্তা সংস্থা ডিপিএকে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওই বিবৃতির সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, সিদ্ধান্তটি দেশের সব প্রদেশের জন্য প্রযোজ্য।

সংবাদমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় মুখপাত্র নাজিবা আরিয়ান বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাবুল নাও-এর এক খবরে বলা হয়েছে, নারীদের স্কুলে পুরুষ শিক্ষকের গান শেখানোও নিষিদ্ধ করা হবে। নিষেধাজ্ঞা কার্যকরের জন্য স্কুল প্রধানরা দায়বদ্ধ থাকবেন।

এর আগে, তালেবান শাসনামলে আফগানিস্তানে এমন বিধান জারি ছিল।

সরকারের এই সিদ্ধান্তকে তালেবানের আদর্শের সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

অনেকেই টুইটারে নারীদের নাচ ও গান গাওয়ার পুরানো ছবি ও ভিডিও পোস্ট করে এই নিষেধাজ্ঞার নিন্দা জানান।

সাংবাদিক রুচি কুমার এক টুইটে বলেন, ‘তারা যদি তালেবানের মতো একই মূল্যবোধ অনুকরণ করতে শুরু করে তাহলে তা প্রজাতন্ত্রের পক্ষে অস্বস্তিকর।’ তিনিও আফগানিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে নারীদের গান গাওয়ার একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন।