বিপিএল নিয়ে সিলেটে উৎসবের আমেজ
শুক্রবার সিলেটে অনুশীলনের ফাঁকে দেশি-বিদেশি ক্রিকেটারদের আড্ডা। ছবি: ফিরোজ আহমেদ
কুমার সাঙ্গাকারা এদিক ওদিক ছুটছেন। ড্যারেন স্যামি আমুদে মাতিয়ে রাখছেন। ঝাকড়া চুলে বোলিং করে চলেছেন লাসিথ মালিঙ্গা, মাহেলা জয়াবর্ধনেকে দেখা যাচ্ছে তালিম দিতে। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহরা তো আছেনই। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনভর দেখা গেল ক্রিকেট বিশ্বের নামডাকওয়ালা অনেক তারকা। সিলেটের মানুষের জন্য যা একেবারেই নতুন অভিজ্ঞতা।
খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহর সঙ্গে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফির খুনসুটি। ছবি: ফিরোজ আহমেদ
আমুদে স্যামি। ছবি: ফিরোজ আহমেদ
সিলেট শহরের চারপাশেই চা বাগান, সবুজের সমারোহ। বিছনাকান্দি, রাতারগুল, জাফলং, লালাখাল। ঘুরে বেড়ানোর জায়গাও খুব একটা দূরে নয়। তবু অভাব আছে উৎসবের। বড় কোন উৎসবের গন্ধ পেলেই তাই লাইন পড়ে যায়। ক্রিকেট উৎসব হলে তো কথাই নেই।
বিপিএলে এবার মাঝে একদিন বিরতি দিয়ে চারদিনে সিলেটে হবে মোট আট ম্যাচ। প্রতিদিনই ম্যাচ আছে স্থানীয় ফ্রেঞ্চাইজি সিলেট সিক্সার্সের।