কুমিল্লার সাফল্যের পেছনের কারণ জানালেন ইমরুল
এবার বিপিএলে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টেবিলে আছে সবার মাথায়। ১০ ম্যাচের আটটাই জিতেছে তারা। বাকি দুই ম্যাচ হারলেও প্লে অফের আগে কুমিল্লার শীর্ষস্থানে কোন নড়চড় হবে না। কুমিল্লার এমন দুর্বার গতিতে ছুটে চলার পেছনের কারণ জানিয়েছেন ইমরুল কায়েস।
বিপিএলে কুমিল্লার দলে আছেন নামিদামি সব বিদেশি। তামিম ইকবালের নেতৃত্বে দলে আছেন ছন্দে থাকা দেশি ক্রিকেটাররা। এদের সবার এক হয়ে মিশে থাকাই নাকি কুমিল্লাকে দিচ্ছে সাফল্যের জোগান, ‘যেকোনো দলেরই আসলে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। আমাদের দলের দেশি-বিদেশি যারা আছেন তাদের সবার মধ্যে বোঝাপড়া খুব ভালো। সবাই খুব এনজয় করছে। যার জন্য আত্মবিশ্বাসটা ধরে রাখা যাচ্ছে।’