ফ্লাইট বিপর্যয়ে জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচ বাতিল

স্টার অনলাইন ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের  প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না জিম্বাবুয়ে। ফ্লাইট বিপর্যয়ে পৌঁছানোর তারিখে গোলমাল লাগায় শনিবারের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।

প্রথমে জিম্বাবুয়ের আসার শিডিউল ছিল ১০ জানুয়ারি। পরে একদিন পিছিয়ে ১১ তারিখ রাতে তাদের আসার সময় ঠিক হয়। বুধবার দলটি বিসিবিকে জানায় বৃহস্পতিবারও তাদের পৌঁছানো সম্ভব হচ্ছে না। জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে শুক্রবার। তবে তাও একবারে নয়। ওইদিন সকাল থেকে তাদের আসা শুরু হবে। চার ভাগে ভাগ হয়ে সবার পৌঁছাতে পেরিয়ে যাবে মধ্যরাত।

শনিবার সাভার বিকেএসপির মাঠে গিয়ে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। মধ্যরাতে এসে পরদিন ভোরে হোটেল থেকে ঘন্টা দেড়েকের দূরত্বে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার হ্যাপা নিতে চাইছে না দলটি।

প্রস্তুতি ম্যাচের জন্য নাজমুল হাসান শান্তর নেতৃত্বে ১২ জনের দল দিয়েছিল বিসিবি। জাতীয় দলের স্কোয়াডে থাকা চার ক্রিকেটার এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজুর খেলার কথা ছিল এই ম্যাচ।