অ্যাকশনের বৈধতা পেলেন আল-আমিন, সঙ্গে সতর্কতাও

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষা দিয়ে পার পেয়েছেন পেসার আল-আমিন হোসেন। তবে তাকে সতর্কও করে দেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে ফের রিপোর্টেড হলে তাকে নিষিদ্ধ থাকতে হবে এক বছর।

গত ৮ জানুয়ারি  মিরপুরে বিসিবি একাডেমি মাঠে ছয়টি ক্যামেরার সামনে আল-আমিনের অ্যাকশনের পরীক্ষা নেন কম্পিউটার এনালিস্ট নাসির আহমেদ নাসু। তার বোলিংয়ের ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার ফল দেয় বিসিবি অ্যাকশন রিভিউ কমিটি।

কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “কোচ সালাউদ্দিন ও বিকেএসপির একজন কোচের সঙ্গে ২৮ দিন কাজ করেছে আল আমিন। পরীক্ষা দেওয়ার পর আমরা তার বোলিংয়ের ভিডিও পর্যালোচনা করেছি। সেখানে ১৫ ডিগ্রি অ্যাঙ্গেলে যে বোলিং করার কথা, তার চেয়ে অনেক কম আছে।”

অ্যাকশন বৈধ হওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলতে আর বাধা নেই। আল-আমিন খেলতে পারবেন বিসিএলের পরের রাউন্ডেই।

গত ২৮ নভেম্বর বিপিএলের খুলনা টাইটান্সের বিপক্ষে আরিফুল হককে আউট করেন আল-আমিন। ওই বলটিতে তার অ্যাকশনে সমস্যা খুঁজে পান মাঠের আম্পায়াররা।এর জের ধরেই অ্যাকশনের পরীক্ষা দিয়ে ফিরতে হলো ডানহাতি এই পেসারকে।