মানসিকতায় ‘বিশাল পরিবর্তন’ ক্রিকেটারদের
ট্রেনারের চাপাচাপিতে না, ক্রিকেটাররা এখন ফিটনেস ঠিক রাখেন নিজেদের তাগিদে। ক্রিকেটারদের মানসিকতার এই ইতিবাচক বড় পরিবর্তন দেখে ভীষণ অভিভূত জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।
বেশ কয়েকদিনের বিশ্রাম শেষে দুই সিরিজ সামনে রেখে রোববার থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। প্রথমদিকে ছিল ফিটনেস পরীক্ষা। তাতে মুগ্ধ ভিল্লাভারায়ন, ‘বিশাল পরিবর্তন হয়েছে, অনেক বড় পরিবর্তন। আজকে সকালেই আমি ছেলেদের বলছিলাম, চার বছর হয়ে গেল। ২০১৪ সালের মে মাসে এসেছিলাম। দারুণ চারটি বছর কাটল। অনেক বদল এসেছে। এবারই যেমন কলম্বোতে ছুটি কাটানোর সময় আমি জানতে পারলাম, তামিম নিজের তাগিদেই ফিটনেস ট্রেনিং করছে। আরও অনেকেই নিজে থেকে করছে। এসব আমাকে দারুণ তৃপ্তি দিয়েছে।’
নিদহাস ট্রফির পর ছোটখাটো চোটের সমস্যায় আছে দল। বন্ধুর বাড়িতে ফুটবল খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে ছয় মাসের বাইরে নাসির হোসেন। বিসিএলের ম্যাচে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পেয়ে তিন সপ্তাহ বিশ্রামে ছিলেন মুশফিক। ক্রিকেটারদের শখের ফুটবল খেলতে গিয়ে পাওয়া চোট ভাবিয়েছিল বিসিবিকেও তবে ফুটবল খেলায় কোন সমস্যা দেখছেন না জাতীয় দলের ট্রেনার, ‘আমার চার বছরের মেয়াদে এবারই প্রথম মনে হয় ফুটবলে ইনজুরি হলো। আর হয়নি। গত দক্ষিণ আফ্রিকা সফরে মুস্তাফিজ অ্যাঙ্কেলে চোট পেল, তবে সেটা সরাসরি ফুটবল ছিল না। হাঁটার সময় মচকে যায়, খেলায় নয়।’