মার খাব, ওখান থেকেই তো শিখব: সাইফুদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের কথা হয়তো এখনো দুঃস্বপ্নে তাড়া করে মোহাম্মদ সাইফুদ্দিনকে। সেদিন যে পচেফস্ট্রমে ডেভিড মিলারের ব্যাটে তুলোধনো হয়েছিলেন তিনি। ৫ ছক্কা খেয়ে এক ওভারেই দিয়েছিলেন ৩১ রান। ক’মাস পরই বিপিএলেও হয়েছিল একই দশা। ওখানে তাকে পেটান ড্যারেন সামি। নিয়ে নেন ৩২ রান। এরপর থেকে সাইফুদ্দিন মানেই যেন হয়ে গিয়েছিল খরুচে বোলিংয়ের অপর নাম। বিপিএলে যে মাঠে মার খেয়েছিলেন সে মাঠেই আজ ফিরেছেন সদর্পে।

দল থেকে ছিটকে যাওয়ার পর সাইফুদ্দিনের কথা অনেকে ভুলেই গিয়েছিলেন। মাস খানেক আগেও ছিলেন না আলোচনায়। একজন পেস অলরাউন্ডার পাওয়ার মরিয়া খোঁজের চক্করে ফেরানো হয় তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ বল হাতে তেমন কিছু করতে পারেননি, ব্যাট হাতে পেয়েছিলেন ফিফটি। দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন আসল সাফল্য।  ৪৫ রানে ৩ উইকেট নিয়ে তিনিই যে ম্যাচ সেরা।

খরুচে বল করার পর এভাবে ফেরায় জীবনের সঙ্গে পথচলার সঙ্গে সাইফুদ্দিন, ‘কিছু সময় সাফল্য পেতে গেলে একটু হোঁচট খেতে হয়। আমি আসলে সব সময়  বিশ্বাস করি, আমার মা  বলত একটা ছেলে হাঁটা শিখতে গেলে বারবার হোঁচট খায়। তাই বলে কি তার হাঁটা বন্ধ হয়ে যায়? একইরকম আমিও মার খাব। ওখান থেকেই তো শিখব। ’

এভাবে ফিরে আসা অবশ্য খুব স্বাভাবিক সাইফুদ্দিনের কাছে, ‘আসলে ক্রিকেট খেলাটা এমনই। বাইরে থাকব, আবার ফিরব। ভাল খেলব। ইনজুরির কারণে বা অফ ফর্মের কারণে বাইরে চলে যাব। এসব মাথায় নিয়েই খেলতে হয়।’