বিগ ব্যাশের ড্রাফটে আল-আমিন, শফিউল ও রিপন
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তবে শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন পরিচিত হলেও রিপন মন্ডলের নাম চমক জাগাতে বাধ্য।
বিগ ব্যাশের পরবর্তী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৮ অগাস্ট। ক্রিকেটারদের জন্য সেখানে নাম লেখানোর সুযোগ আছে আগামী ২১ অগাস্ট পর্যন্ত। বুধবার (৩ অগাস্ট) পর্যন্ত ড্রাফটে নাম রয়েছে ১৬৯ খেলোয়াড়ের। তাদের মধ্যে বাংলাদেশি তিন জন।
দুই পেসার শফিউল ও আল-আমিনের বাংলাদেশ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকলেও রিপনের এখনও আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়নি। তাদের মধ্যে দেশের বাইরের কোনো টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা আছে কেবল আল-আমিনের। গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলেন তিনি।
সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করে পাদপ্রদীপের আলোয় আসেন তরুণ পেসার রিপন। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে সাতটি ম্যাচ খেলেন তিনি। তবে লিস্ট 'এ'তে খেললেও এখনও পর্যন্ত স্বীকৃত কোনো টি-টোয়েন্টিতে মাঠে নামা হয়নি তার।
ড্রাফটে শেষ পর্যন্ত দল পেলেও বিগ ব্যাশে আল-আমিন, শফিউল ও রিপনের খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ, ওই একই সময়ে চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের বাইরের লিগে খেলার ছাড়পত্র দিবে না কোনো ক্রিকেটারকে।
আফগানিস্তানের ২০ ক্রিকেটারের নাম রয়েছে ড্রাফটে। আয়ারল্যান্ডের সাত ও নেদারল্যান্ডসের পাঁচ জন আছেন সেখানে। স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটারও নাম লিখিয়েছেন। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ।
এখন পর্যন্ত বাংলাদেশের কেবল একজনই বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছেন। তিনি হলেন বাঁহাতি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৩-১৪ আসরে অ্যাডিলেড স্ট্রাইকারস ও ২০১৪-১৫ আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার।