মিরাজকে ভুলেই গিয়েছিল বিসিবি!

ক্রীড়া প্রতিবেদক

বয়সভিত্তিক পর্যায়ে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংই ছিল তার মূল শক্তির জায়গা। তবে বাংলাদেশ জাতীয় দলে আসার পরই তার পরিচয় গেল বদলে। মূলত বোলার হিসেবে বিবেচনা করা হয় তাকে। তবে ব্যাটিংটাও যে তিনি ভালো করেন তা সুযোগ পেলেই দেখিয়েছেন তিনি। সাত-আট নম্বরে নেমে কার্যকরী অনেক ইনিংসই রয়েছে তার। অথচ সেই ক্রিকেটারের কথা বেমালুম ভুলে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!

জিম্বাবুয়েতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে পাঠানো হয় বাংলাদেশ দলকে। ১৫ সদস্যের এ দলে ছিলেন মিরাজও। কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে শেষ ম্যাচটা খেলতেই পারতেন এ অলরাউন্ডার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক সোহান ইনজুরিতে পরায় তার একাদশে ঢোকার সম্ভাবনাই জোরালো ছিল। কিন্তু বিসিবি তখন বেশ বড় চমকই দেখায়। বিশ্রামে থাকা মাহমুদউল্লাহকে হুট করে অন্তর্ভুক্ত করে তারা।

অথচ আগের সিরিজগুলোতে টানা ব্যর্থতার বৃত্তে থাকায় বিশ্রাম দেওয়া হয়েছিল নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে। তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও বড় চমক উপহার দেয় টিম ম্যানেজমেন্ট। কারণ, দলে ফিরলেও নেতৃত্বে ছিলেন না তিনি। হুট করেই সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টির আগে অধিনায়ক করা হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। যার কি-না এ সিরিজের আগে দলে জায়গা পাওয়া নিয়েও ছিল রাজ্যের শঙ্কা।

তবে এসব চমককে ম্লান করে বৃহস্পতিবার আরও বড় এক চমক উপহার দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাহমুদউল্লাহকে হুট করে কেন ফিরিয়ে আনা হলো জানতে চাইলে তিনি বলেন, 'এটা আসলে ওরা (টিম ম্যানেজমেন্ট) বলতে পারবে বা ওরা আসলে ওদের সঙ্গে কথা বলে বলা যাবে। হঠাৎ করে সোহানের ইনজুরিতে ওরা এলোমেলো হয়ে গেছে। হওয়ারই কথা। কারণ, ও পারফর্মার। পারফর্ম করছিল। ওই জায়গায় কে খেলবে ওই বিকল্প ওদের কাছে ছিল না। রিয়াদ ওই পজিশনে খেলে এই জন্যই হয়তো নিয়েছে। ওদের ওইখানে ওপেনার ছিল কিন্তু ওই পজিশনে খেলার মতো খেলোয়াড় ছিল না। সেই জন্য ওকে নিয়েছে।'

সোহানের পজিশনে খেলার মতো বিকল্প কেউ ছিল না বলে বোর্ড সভাপতি জানালে তখনই মিরাজের কথা জানান সাংবাদিকরা। আর তাতেই যেন টনক নড়ে তার। আমতা আমতা করে তিনি জবাব দেন, 'মিরাজ, মিরাজ মানে, হ্যাঁ, মিরাজ ছিল, মিরাজকে তো... এটা, এটা... এটা আপনারা ভালো বলেছেন। মিরাজকে তারা কেন নেয় নাই জানি না। কেন নেয় নাই, এটা আমি বলতে পারব না আসলে।'