নতুন অধিনায়কের তালিকায় মাহমুদউল্লাহর নামও আছে!
এশিয়া কাপের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। তবে এখনো ঠিক করতে পারেনি কে হবেন দলটির অধিনায়ক! বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তাদের হাতে আছে চারটি নাম। এরমধ্যে একজন এরমধ্যে মানা করে দিয়েছেন। বাকি তিনজনের মধ্যে সদ্য নেতৃত্ব হারানো মাহমুদউল্লাহর নামও আছে।
গত বছর খানিক ধরেই টি-টোয়েন্টি দলের অবস্থা বেশি বেহাল। একের পর এক হারে বিপর্যস্ত থাকা দলের মধ্যে খেলার ঝাঁজও মিলছে না। এই অবস্থায় জিম্বাবুয়ে সফরে মাহমুদউল্লাহকে সরিয়ে নুরুল হাসান সোহানের নেতৃত্বে নতুন একটি দল দেওয়া হয় কেবল এক সিরিজের জন্য।
সোহান দুই ম্যাচ খেলে চোটে ছিটকে যান। নাটকীয়ভাবে তার জায়গা নেওয়া হয় পুরো সিরিজে বাধ্যতামূলক বিশ্রাম দেওয়া মাহমুদউল্লাহকে। তবে এক ম্যাচের জন্য নেতৃত্ব পান মোসাদ্দেক হোসেন সৈকত। তার অধীনে শেষ ম্যাচ হারার সঙ্গে জিম্বাবুয়ের কাছে সিরিজও হারে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরের আগে বলা হয়েছিল মাহমুদউল্লাহর কাছ থেকে নেতৃত্বের ভারটা সরাতে চেয়েছেন তারা। দলের টানা হার ও নিজের বাজে ছন্দের কারণে নড়বড়ে থাকা সেই মাহমুদউল্লাহকে আরেক দফা অধিনায়ক করাও সম্ভাবনায় রেখেছেন বিসিবি সভাপতি। বৃহস্পতিবার বোর্ড সভা শেষে বেরিয়ে অধিনায়কত্ব নিয়ে বেশ রহস্য করেই দিলেন ব্যাখ্যা, 'অধিনায়কত্বে তিনটা নাম আছে। এর মধ্যে মাহমুদউল্লাহর নামও আছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বলা কঠিন। তবে মাহমুদউল্লাহর নাম আছে। সাকিব আল হাসানের নাম নিশ্চিতভাবেই আছে। অস্বীকার করার কিছু নেই। কারও একটা নাম আছে।'
'এখানে আরও নাম ছিল। আগে এসেছিল লিটন দাস, এরপর অনেকেই সোহানের নাম বলেছে, সে ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সাথে তো কথা বলতে হবে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করে নিতে হবে। এর সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন।'
'যে ৪ জনের নাম বললাম এর মধ্যে একজন না করেছে। সে তো হবে না স্বাভাবিকভাবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে।'
জোর গুঞ্জন টেস্টের পর টি-টোয়েন্টির নেতৃত্বও পেতে যাচ্ছেন সাকিব। তবে বিষয়টি নিয়ে নানান সমীকরণে থাকা বোর্ড প্রধান এখনই স্পষ্ট করতে চান না কিছু, 'এটা এখন যদি আমি বলে দিই, তাইলে আপনারা সব তো জেনেই যাবেন। সাকিব হচ্ছে কি, হচ্ছে না, এটা তো এখন আমি বলব না।'