মহাবিপর্যয়ের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে আশা দেখাচ্ছেন মিঠুন
দুই পেসার মারকিনো মিন্ডলে ও জাস্টিন গ্রিভসের তোপে মাত্র ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ 'এ' দল। সেই মহাবিপর্যয় থেকে পুরোপুরি মুক্তি না মিললেও আশার আলো হয়ে ক্রিজে টিকে আছেন অধনায়ক মোহাম্মদ মিঠুন।
সেন্ট লুসিয়ায় সিরিজের প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫ রান। এক প্রান্ত আগলে মিঠুন অপরাজিত আছেন ৭৯ বলে ৪২ রানে। তার সঙ্গী নাঈম হাসান ৪৫ বলে ২৩ রান নিয়ে খেলছেন। তাদের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটির রান ৪৪।
আউটফিল্ডে বোলারদের রান-আপের অংশে সমস্যার কারণে নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর খেলা গড়ায় মাঠে। দেরির কারণে পুরো দিনে মাত্র ৪৩ ওভার হাত ঘোরাতে পারেন ক্যারিবিয়ান বোলাররা।
বাংলাদেশের ইনিংসের প্রথম ৩ উইকেট যায় ডানহাতি পেসার মিন্ডলের ঝুলিতে। চতুর্থ ওভারে তার শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৩ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরতি ক্যাচ দেন তিনি। তিনে নামা সাইফ হাসান বিদায় নেন থিতু হয়ে। ৩১ বলে ৪ চারে তার রান ২০। ফজলে মাহমুদ রাব্বি টিকতে পারেননি। ৭ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি।
আরেক ওপেনার সাদমান ইসলাম অনেকটা সময় উইকেটে কাটানোর পর ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৪৬ বলে ১৭ রান করেন তিনি। তাকে শিকারের পর গ্রিভস দ্রুত আউট করেন জাকির হাসানকেও। ৬ বলে ৭ রান আসে তার ব্যাট থেকে।
ভীষণ চাপের মাঝে জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজে লাগেন মিঠুন। ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ২৫ রান। জাকের ৩২ বলে ৩ রান করে শেরমান লুইসের বলে ক্যাচ দেন স্বাগতিকদের অধিনায়ক ও উইকেটরক্ষক জশুয়া ডা সিলভার হাতে। এরপর মিঠুনের সঙ্গী হন অফ স্পিনার নাঈম। দিনের বাকিটা সময়ে আর কোনো বিপদ হতে দেননি তারা।