নিয়ম রক্ষার ম্যাচেও ভারতের বড় জয়

স্পোর্টস ডেস্ক

সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচটা ছিল নিছক আনুষ্ঠানিকতার। আর সে ম্যাচেও দাপট দেখিয়ে জিতেছে ভারত। শ্রেয়াস আইয়ারের দারুণ ব্যাটিংয়ের পর অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই ও কুলদিপ যাদবের অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সফরকারীরা।

রোববার লুডারহিলে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮৮ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে তারা। জবাবে ২৬ বল বাকি থাকতেই ১০০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। মূলত তিন স্পিনার অক্ষর, বিষ্ণুই ও কুলদিপের ঘূর্ণিতে পড়ে খেই হারিয়ে ফেলে দলটি। এক শিমরন হেটমায়ার ছাড়া বাকি ব্যাটাররা সবাই ছিলেন আসা যাওয়ার মধ্যেই।

এক প্রান্ত আগলে রেখে লড়াইটা কেবল একাই করেছেন হেটমায়ার। তবে সঙ্গীর অভাবে লড়াই জমে ওঠেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন হেটমায়ার। ৫ বলের ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কায় সাজান তিনি। এছাড়া শামারাহ ব্রুকস (১৩) ও ডেভন থমাস (১০) কেবল দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।

ভারতের হয়ে ১৬ রানের খরচায় ৪টী উইকেট নিয়েছেন বিষ্ণুই। কুলদিপ ১২ বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট। ১৫ রানের খরচায় ৩টি উইকেট নেন অক্ষরও।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইশান কিষানকে নিয়ে ৩৮ রানের ওপেনিং জুটি গড়েন আইয়ার। দ্বিতীয় উইকেটে দিপক হুডার সঙ্গে গড়েন ৭৬ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি। শেষদিকে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাটে বড় পুঁজি নিয়েই মাঠ ছাড়ে ভারত।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন আইয়ার। ৪০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ ওপেনার। দিপকের ব্যাট থেকে ৮ রান। ২৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ১৬ বলে ২টি করে চার ও ছক্কায় ২৮ রান করেন পান্ডিয়া। ক্যারিবিয়ানদের পক্ষে ৩৩ রানের খরচায় ৩টি উইকেট নেন ওডিয়ান স্মিথ।