ভারতকে হারিয়ে কমনওয়েলথেও সেরা অস্ট্রেলিয়ার মেয়েরা
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নারী দল। ম্যাগ লেইনিংয়ের দল এবার শ্রেষ্ঠত্ব দেখাল কমনওয়েলথ গেমসেও। রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারিয়ে সোনা জিতেছে তারা।
বার্মিংহামে রোববার শেষ ওভারে গিয়ে ভারতকে ৯ রানে হারিয়ে সোনা জিতে নেয় অস্ট্রেলিয়া। ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে কোন ক্রিকেট ইভেন্টে দেখা গেল এবার। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে ছেলেদের ক্রিকেট ছিল। সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ২০ ওভারে ১৬১ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত থামে ১৫২ রানে।
অজিদের জয়ে মূল ভূমিকা ওপেনার বেথ মুনির। ৪১ বলে সর্বোচ্চ ৬১ রান করেন তিনি। অধিনায়ক লেইনিং ২৬ বলে করেন ৩৬, এছাড়া আসিলেহ গার্ডনার ১৫ বলে ২৫ করেন।
রান তাড়ায় ভারতের বাজে শুরুর পর দলকে টেনেছিলেন হারমানপ্রিত কাউর। ভারত কাপ্তান ৪৩ বলে ৭ চার, ২ ছক্কায় করেছিলেন ৬৫ রান। কিন্তু এরপর আর কেউ হাল ধরতে পারেননি। অস্ট্রেলিয়ার গার্ডনার ১৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং কাবু করে দেন
এই কমনওয়েলথ গেমসে টি-টোয়েন্টি সংস্করণে সুযোগ পেয়েছিল ৮ দল, বাছাইপর্বে ফাইনাল হেরে যাওয়ায় তাতে সুযোগ মেলেনি বাংলাদেশের মেয়েদের।