ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

পাল্লেকেলের উত্তপ্ত সন্ধ্যায় যেন একাই যুদ্ধ করলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তানকে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড, তাও আবার একটি ম্যাচ হাতে রেখেই। টানা পঞ্চমবারের মতো শেষ নিশ্চিত করল দলটি।

মঙ্গলবার সুপার এইটসের গ্রুপ ২-এর ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে পাকিস্তান। জবাবে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে ইংলিশরা। যার মূল কৃতিত্বই যায় ব্রুকের।

টুর্নামেন্টের শুরুটা ভালো হলেও পরবর্তী চার ইনিংসে স্পিনে ভুগছিলেন ইংলিশ অধিনায়ক। নেপালের বিপক্ষে ৫৩ রানের পর বারবার ব্যর্থতায় প্রশ্ন উঠছিল তার ফর্ম নিয়ে। জবাব দিতে তিনি নিজেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনেন, পাঁচ নম্বর থেকে উঠে আসেন তিন নম্বরে, যাতে পাওয়ারপ্লেতেই ব্যাট করতে পারেন। আর এদিন তার সফলতাও পেলেন।

ইংল্যান্ডের রান তাড়ার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দলে ফেরা শাহিন শাহ আফ্রিদি প্রথম বলেই উইকেট নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন। দ্বিতীয় বলেই ক্রিজে নামতে হয় ব্রুককে। পাওয়ারপ্লেতে আফ্রিদির তিন উইকেট প্রায় কোণঠাসা করে দেয় ইংলিশদের।

পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে যখন মাঝের ওভারে উসমান তারিক দুই উইকেট তুলে নিয়ে স্কোর নামিয়ে আনেন ৫৮ রানে ৪ উইকেট, পরে ১০৩ রানে ৫ উইকেট। কিন্তু এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানের বোলিং আক্রমণের ওপর ঝড় তুলতে থাকেন ব্রুক।

মাত্র ৫০ বলে নিজের প্রথম টি–টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আফ্রিদিকে কভারের ওপর দিয়ে ছক্কা ও মিড–অফ দিয়ে চার মেরে শতকে পৌঁছান। যদিও পরের বলেই আফ্রিদির নিখুঁত ইয়র্কারে বোল্ড হন, তবু তখন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১০ রান। মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে অভিবাদন জানায় দর্শকরা, একটি প্রায় একক নায়কোচিত ইনিংসের স্বীকৃতি হিসেবে।

শেষটা যদিও সহজ হয়নি। মোহাম্মদ নওয়াজের ঘূর্ণিতে দুই উইকেট হারিয়ে ম্যাচ গড়ায় শেষ ওভারে। তবে জোফরা আর্চার মিড-উইকেট দিয়ে সলমান মির্জাকে বাউন্ডারি হাঁকিয়ে ইংল্যান্ডকে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে লড়াইয়ের সুর তুলেছিলেন সাহিবজাদা ফারহান, যিনি করেন ৬৩ রান। কিন্তু মাঝের ওভারে ইংল্যান্ডের স্পিন আক্রমণে তাদের রান তোলার গতি থমকে যায়। বিশেষ করে লিয়াম ডসন ২৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিংকে চাপে ফেলে দেন।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। শুক্রবার কলম্বোয় নিউজিল্যান্ডকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চার নিশ্চিত করবে তারা। অন্যদিকে পাকিস্তানের সামনে এখন কঠিন সমীকরণ। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।