পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরলেন লিটন-আফিফ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন ব্যাটার আফিফ হোসেন ও কিপার ব্যাটার লিটন কুমার দাস। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের পর ওয়ানডে দল থেকে বাদ পড়েন লিটন। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ৫০ ওভারের ক্রিকেটে ছিলেন বিবর্ণ। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি রান পাননি। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এই তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ১০, ৫৫ ও ০ রান। 

২০২৪ সালের ডিসেম্বরের পর আর আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি আফিফ। মাঝের সময়ে ১৪টি লিস্ট 'এ' ম্যাচে ৩৭.১৬ গড়ে তিনি করেছেন ৪৪৬ রান। সবশেষ বিসিএলে খেলেছেন ৮৬ বলে ১০০ রানের ইনিংস। গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে এক ইনিংসে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন। এর বাইরে আর কোন ফিফটিও ছিলো না তার। তবু বিসিএলের এক ম্যাচে সেঞ্চুরি করে ফিরে এলেন তিনি। 

লিটন ও আফিফের ফিরে আসার ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমরা মিডল অর্ডারে বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে কেউ কেউ নিজেদের জায়গা ধরে রাখার মতো যথেষ্ট পারফরম্যান্স করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আফিফ হোসেনকে ফিরিয়ে আনা হয়েছে। সে দলের জন্য মূল্যবান অভিজ্ঞতা নিয়ে আসবে এবং বর্তমানে তাকে বেশ ছন্দেই মনে হচ্ছে। মাহিদুল ইসলাম ভূঁইয়াকে দলে রাখা হয়েছে এবং তার প্রতিভার সাক্ষর রাখার জন্য এটি একটি ভালো সুযোগ।’

‘ওয়ানডেতে লিটন দাসের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সে নিজের ব্যাটিং নিয়ে কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস, সে দ্রুতই এই ফরম্যাটে নিজের সেরাটা দিতে পারবে এবং আমরা তাকে মিডল অর্ডার শক্তিশালী করার একটি বিকল্প হিসেবে বিবেচনা করছি।’

২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার কাজী নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক। দুজনেই কিপার ব্যাটার। বিসিএলে এই দুজন ছিলেন ব্যর্থ। এছাআ জায়গা হয়নি শামীমেরও। 

দলে না থাকা পেসার হাসান মাহমুদ বর্তমানে ডান হাতের টেনিস এলবো সমস্যায় ভুগছেন এবং আরেক ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব পিঠের ব্যথা থেকে সেরে উঠছেন। এই সিরিজের জন্য তারা দুজনেই খেলার মতো অবস্থায় নেই। 

মিরপুরে তিন ম্যাচের এই সিরিজটি শুরু হবে ১১ মার্চ; দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ওয়ানডে দল:  মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।