টস জিতে সৌম্যকে ছাড়া ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের ৪ জনের অভিষেক

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ দল। সফরকারীদের ব্যাটিংয়ে পাঠিয়ে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

একাদশে ছয় ব্যাটারের সঙ্গে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। তবে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ভালো খেলা সৌম্য সরকারের জায়গা হয়নি। নিজের সবশেষ ম্যাচে ৯১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগের ম্যাচে করেছিলেন ৪৫ রান।

অন্যদিকে, পাকিস্তানের একাদশে নতুন মুখ চারটি। সফরকারী দলের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তিন টপ-অর্ডার ব্যাটার সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও শামিল হোসেন এবং অলরাউন্ডার আব্দুল সামাদের।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এটিই বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ। আর পাকিস্তান তাদের সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত নভেম্বরে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ ও পাকিস্তান— উভয় দলই তাদের সবশেষ সিরিজে জয় পেয়েছিল।

২০১৫ সালের পর এই প্রথম দল দুটি কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে। এছাড়া, ২০২৩ সালের অক্টোবরে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচের পর এই ফরম্যাটে এটিই তাদের প্রথম সাক্ষাৎ।

এই সিরিজে ২-১ বা ৩-০ ব্যবধানে জয় পেলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নবম স্থানে উঠে আসবে বাংলাদেশ। যা ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে টাইগারদের অবস্থান উজ্জ্বল করবে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, হুসাইন তালাত, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক)।