টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এসে টস হারলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভাগ্য পরীক্ষায় জিতে বোলিং বেছে নিলেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। অর্থাৎ গত দুই ম্যাচে শুরুতে ফিল্ডিং করা টাইগারদের এবার আগে নামতে হবে ব্যাটিংয়ে।
সিরিজ নির্ধারণী লড়াইয়ে রোববার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টা ১৫ মিনিটে।
প্রথম ওয়ানডেতে সফরকারীদের উড়িয়ে দিলেও পরের ম্যাচে উল্টো ধরাশায়ী হতে হয়েছে স্বাগতিকদের। এই লড়াইয়ে জিতলে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নয়ে উঠবে লাল-সবুজ জার্সিধারীরা।
টানা তিন ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অর্থাৎ এই সিরিজে খেলার সুযোগ হলো না সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, শরিফুল ইসলাম ও তানভীর ইসলামের।
অন্যদিকে, পাকিস্তানের একাদশে একটি অবধারিতসহ মোট তিনটি বদল এসেছে। চোটের কারণে ছিটকে গেছেন হুসাইন তালাত। বাদ পড়েছেন শামিল হুসাইন ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ফিরেছেন আবরার আহমেদ এবং ওয়ানডে অভিষেক হচ্ছে গাজী ঘোরি ও সাদ মাসুদের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, আবরার আহমেদ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক)।