বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে বোর্ডের উদ্বেগ

ক্রীড়া প্রতিবেদক

গত বছর অনুষ্ঠিত বোর্ড নির্বাচনকে ঘিরে বিভিন্ন অভিযাগের স্বাধীন তদন্তের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পাঁচ সদস্যের কমিটি গঠনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত গেজেট (নং ৩৪.০৩.০০০০.০০০.০০৪.৫৫.০০৩৫.২৪.১৯৬) প্রসঙ্গে এই বিবৃতি প্রদান করা হচ্ছে।'

এতে আরও বলা হয়েছে, বর্তমান বোর্ডের কার্যভার পালনের পথে এই কমিটি একটি প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান বোর্ড যথাযথভাবে নির্বাচিত ও সম্পূর্ণরূপে সচল একটি সংস্থা, যা এর নিজস্ব গঠনতন্ত্র ও প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে এই বোর্ড বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে তার দায়িত্ব পালন এবং কার্যভার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ওপরে উল্লিখিত গেজেট জারি করায় তাৎপর্যপূর্ণ উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ এটি বিসিবির নির্বাচিত প্রশাসনের স্থিতিশীলতা, স্বাধীনতা ও ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে।'

বিসিবি নির্বাচনে কথিত 'অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহার' তদন্তে গত বুধবার একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এনএসসি। পাঁচ সদস্যের এই কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

স্বায়ত্তশাসিত বোর্ডের কার্যক্রমে বাইরের হস্তক্ষেপের ফলে যে ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে, সেদিকে ইঙ্গিত করে এনএসসিকে একরকম সতর্ক অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে বিসিবি, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটের বৈশ্বিক শাসন কাঠামোর মধ্যে পরিচালিত হয় এবং এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি পূর্ণ সদস্য। আইসিসির শাসন কাঠামো অনুসারে, নির্বাচিত ক্রিকেট বোর্ডের বিষয়ে বাহ্যিক হস্তক্ষেপ হিসেবে গণ্য হতে পারে এমন যে কোনো পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং এটি আইসিসির সুশাসন ও সম্মতি বিধানের অধীনে পর্যালোচনার কারণ হতে পারে।'

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইসিসির ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছে বিসিবি, 'এটি ইঙ্গিত দেওয়া হয়েছে যে, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ হিসেবে গণ্য করা যেতে পারে এমন কোনো উদ্যোগ আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোর মধ্যে সুশাসন নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে।'

সম্ভাব্য পরিণতির কথা বিবেচনা করে বিসিবি জানিয়েছে, আইসিসির সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের আগে তারা প্রথমে এনএসসির কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাইবে, 'আইসিসির সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বা প্রক্রিয়া শুরু করার আগে বিসিবি মনে করে, এই গেজেটের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও সম্ভাব্য প্রভাব স্পষ্ট করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সরাসরি আলোচনা করাই সমীচীন হবে।'

বাংলাদেশ ক্রিকেটের স্থিতিশীলতা, স্বাধীনতা ও অব্যাহত অগ্রগতি যেন অটুট থাকে, এনএসসিকে এই বিষয়টি সেভাবে নিষ্পত্তি করার অনুরোধ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সকল সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেট প্রশাসন মানদণ্ড অনুযায়ী একটি নির্বাচিত ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন বজায় রাখাও অপরিহার্য।'

উল্লেখ্য, তদন্ত কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।