আবরারকে দলে নেওয়ায় সানরাইজার্সের ওপর চটেছেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এ পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ায় ভারতীয় মালিকানাধীন একটি দলের তীব্র সমালোচনা করেছেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার দাবি, এই চুক্তির মাধ্যমে দেওয়া অর্থ পরোক্ষভাবে ভারতীয় সৈন্য ও সাধারণ মানুষের মৃত্যুতে ভূমিকা রাখছে।

রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতার কারণে ২০০৯ সাল থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ। এবারের 'দ্য হান্ড্রেড' নিলামের আগে গুঞ্জন ছিল, আইপিএল সংশ্লিষ্ট দলগুলো পাকিস্তানি খেলোয়াড়দের ওপর একটি 'অঘোষিত নিষেধাজ্ঞা' বজায় রাখবে।

তবে গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত নিলামে শেষ পর্যন্ত তেমনটি ঘটেনি। ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডে (প্রায় ২.৫২ লক্ষ ডলার) আবরারকে দলে ভিড়িয়েছে 'সানরাইজার্স লিডস'। দলটি আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়ন্ত্রণকারী গ্রুপের একটি অংশ। এই চুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

৭৬ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার সংবাদপত্র 'মিড-ডে'-তে নিজের কলামে লিখেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড়কে যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, সেই খেলোয়াড় তার সরকারকে আয়কর দেবেন। সেই অর্থ দিয়ে সরকার অস্ত্র ও সরঞ্জাম কিনবে, যা পরোক্ষভাবে ভারতীয় সৈন্য এবং বেসামরিক মানুষের মৃত্যুতে ভূমিকা রাখবে।’

তিনি আরও যোগ করেন, ‘টাকা প্রদানকারী প্রতিষ্ঠানটি সরাসরি ভারতীয় হোক বা বিদেশে তাদের কোনো শাখা হোক—মালিক যদি ভারতীয় হন, তবে তিনি বা তারা ভারতীয়দের হতাহত হওয়ার পেছনে অবদান রাখছেন।’

উল্লেখ্য, গত বছরের মে মাসে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া ভারত ও পাকিস্তান গত এক দশকের বেশি সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তারা কেবল আইসিসি বা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়।

টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া গাভাস্কার মনে করেন, এখনো ভুল সংশোধনের সময় আছে। তিনি আশা প্রকাশ করেন যে, কর্তৃপক্ষের 'শুভবুদ্ধির উদয়' হবে এবং এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে।