পাকিস্তানের বিপক্ষে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে মিরাজের বড় লাফ
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বুধবার আইসিসি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, বোলার ও অলরাউন্ডার—উভয় বিভাগেই বড় উন্নতি হয়েছে মিরাজের।
সিরিজে বাংলাদেশের ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা ছিল মিরাজের। তিন ম্যাচে ৫ উইকেট শিকার করার সুবাদে ওডিআই বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তিনি এখন যৌথভাবে সপ্তম স্থানে। শুধু বোলিংয়েই নয়, অলরাউন্ডারদের তালিকাতেও দুই ধাপ এগিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
মিরাজ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ঝালিয়ে নিয়েছেন। ব্যাটারদের মধ্যে তরুণ তানজিদ হাসান ৩১ ধাপ এগিয়ে ৫৫তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকায় পেসার তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ উন্নতি করে ৪৭তম স্থানে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের হয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন সালমান আলী আঘা। তিনি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৯ম স্থানে এবং অলরাউন্ডারদের তালিকায় ১০ম স্থানে উঠে এসেছেন। এছাড়া বল হাতে ভালো পারফর্ম করে দলটির অধিনায়ক শাহীন আফ্রিদি অলরাউন্ডারদের তালিকায় ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের পারফরম্যান্সের সুবাদে বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে বর্তমানে তিনি ক্যারিয়ারসেরা রেটিং নিয়ে সপ্তম স্থানে। কিউই পেসার লকি ফার্গুসন ও ব্যাটার ডেভন কনওয়েও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে নজর কেড়েছেন জর্জ লিন্ডে ও ওটনিয়েল বার্টম্যান। লিন্ডে অলরাউন্ডারদের তালিকায় ২৩তম এবং বার্টম্যান বোলারদের তালিকায় ৭৩তম স্থানে উঠে এসেছেন।