​আইপিএলের এই আসরই ধোনির শেষ, বললেন প্রাক্তন সতীর্থ

স্পোর্টস ডেস্ক

​আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা যেন থামছেই না। এবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সাবেক তারকা রবিন উথাপ্পা বলেছেন, ২০২৬ সালের আসরটিই হতে পারে ধোনির দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়

​সম্প্রতি একটি অনুষ্ঠানে ধোনির বর্তমান ভূমিকা এবং সিএসকে-র নেতৃত্ব নিয়ে বিশদ আলোচনা করেন উথাপ্পা। তার মতে, আগামী মৌসুমে ধোনি মাঠে সরাসরি বড় কোনো ভূমিকা রাখার বদলে পর্দার আড়াল থেকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে দিকনির্দেশনা দেবেন।

​উথাপ্পা বলেন, 'আমি মনে করি না সঞ্জু স্যামসনকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া সিএসকে-র জন্য ঠিক হবে। ঋতুরাজ ২০২৪ সাল থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাকে থিতু হওয়ার সময় দিতে হবে। মানুষ যাই বলুক, ঋতুরাজ এখন ধোনির ছায়া থেকে বেরিয়ে আসছেন। ধোনি যখন মাঠে থাকবেন না, তখন ঋতুরাজ কীভাবে দল সামলান সেটি দেখার প্রয়োজন আছে। তাই আমার মনে হয়, ধোনি এবার একটু কম দায়িত্ব নিয়ে দলকে পথ দেখাবেন।'

​ধোনির বিদায় নিয়ে আবেগঘন এক পূর্বাভাস দিয়ে এই সাবেক সতীর্থ বলেন, '২০২৬ সালই সম্ভবত হলুদ জার্সিতে তার শেষ বছর। এ বছর আমি তাকে খেলোয়াড়ের চেয়ে মেন্টর (পরামর্শক) হিসেবেই বেশি দেখছি। ব্যাটিংয়েও তিনি ৭ নম্বরের বদলে ৮ নম্বরে নামতে পারেন। ধোনি নিজেও জানেন যে তাঁর সরে দাঁড়ানোর সময় হয়েছে, তাই তিনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন। এতে করে অধিনায়ক হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়ের আসল সামর্থ্য বোঝা যাবে।'

​২০২৫ আইপিএলে ধোনি যেমন ছিলেন
গেল মৌসুমেও ধোনির ভূমিকা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। মূলত ফিনিশার এবং উইকেটকিপার হিসেবে খেললেও মাঝপথে ঋতুরাজ গায়কোয়াড় চোটে পড়ায় ধোনিকে আবারও নেতৃত্বের হাল ধরতে হয়েছিল। সে সময় ধোনি ব্যাটিং অর্ডারের একদম নিচের দিকে নেমে দ্রুত রান তুলে ইনিংস শেষ করার দায়িত্ব পালন করতেন।

​উইকেটকিপিংয়ে অনন্য রেকর্ড

৪৩ বছর বয়সেও উইকেটের পেছনে নিজের ধার হারাননি ধোনি। আইপিএল ইতিহাসের প্রথম উইকেটকিপার হিসেবে ২০০টি আউটের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে দলে সঞ্জু স্যামসন থাকায় উইকেটকিপিংয়ে যথেষ্ট বিকল্প আছে দলটির।