১৮ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

২০২৬–২৭ মৌসুমের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সূচিতে জায়গা পেয়েছে বাংলাদেশের পুরুষ ও নারী দুই দলই। ফলে একই মৌসুমে অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগার ও টাইগ্রেসরা।

দীর্ঘ ১৮ বছর পর আবারও টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ পুরুষ দল। আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলবে। সিরিজের প্রথম টেস্ট হবে ডারউইনে, ১৩ থেকে ১৭ আগস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ম্যাকে, ২২ থেকে ২৬ আগস্ট। ভেন্যুটিতে এই ম্যাচের মধ্য দিয়েই প্রথমবারের মতো টেস্ট আয়োজন করবে।

অন্যদিকে, বাংলাদেশ নারী দলও রয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া আন্তর্জাতিক সূচিতে। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফর করবে টাইগ্রেসরা। এটি হবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মেয়েদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।

সফরে বাংলাদেশ নারী দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। তিনটি ওয়ানডেই হবে দিবারাত্রির ম্যাচ, ব্রিসবেনে ৯, ১১ ও ১৪ অক্টোবর। এই ওয়ানডে সিরিজটি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ, যা ২০২৯ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই ও সিডিং নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে নর্থ সিডনি ওভালে। আলোর নিচে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২২ অক্টোবর।