নিরাপত্তার 'নিশ্চয়তা পেয়ে' পিএসএলে খেলোয়াড়দের যেতে দিয়েছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

​পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। সরকারের উচ্চপর্যায় থেকে সবুজ সংকেত এবং পাকিস্তানের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পরই খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

​সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, খেলোয়াড়দের পাকিস্তানে পাঠানোর বিষয়ে তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছে। ইসলামাবাদে থাকা বাংলাদেশ মিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে বোর্ড নিশ্চিত হয়েছে যে, সেখানে ক্রিকেটারদের জন্য বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

​বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘নিরাপত্তার সব ধরনের নিশ্চয়তা পাওয়ার পরই খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে গিয়েছেন।’

বোর্ড আরও জানায়, তারা সবসময় খেলোয়াড়দের ভালো থাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং এই বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

​ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার পরপরই মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনরা পিএসএলে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন। পিএসএল খেলতে যাবেন তানজিদ হাসান তামিমও। তাদের দেশ ছাড়ার পর আনুষ্ঠানিকভাবে এই অনুমতির কথা জানাল বিসিবি।