আইপিএল ২০২৬

পদদলিত হয়ে নিহতদের স্মরণে ১১টি আসন ফাঁকা রাখবে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

​গত বছর শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে নিহত ভক্তদের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য উদ্যোগ নিয়েছে বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আসন্ন মৌসুমে চিন্নাস্বামী স্টেডিয়ামের ১১টি আসন স্থায়ীভাবে ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

​গত জুনে আরসিবি প্রথমবারের মতো আইপিএল জেতার পর আনন্দ মিছিলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়িতে প্রাণ হারান ১৪ থেকে ২৯ বছর বয়সী ১১ জন সমর্থক। সেই ভক্তদের স্মরণে মঙ্গলবার আরসিবি এই ঘোষণা দেয়।

​আগামী শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আরসিবির ২০২৬ সালের আইপিএল অভিযান শুরু হবে। ম্যাচ শুরুর আগে বিরাট কোহলি ও তার সতীর্থরা ১১ নম্বর লেখা জার্সি পরে ওয়ার্ম-আপ করবেন। এছাড়া মূল ম্যাচে খেলোয়াড়দের হাতে থাকবে কালো আর্মব্যান্ড।

​আরসিবির সিইও রাজেশ মেনন বলেন, ‘এটি আমাদের সেই ভক্তদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যারা সব সময় আমাদের এই যাত্রার অংশ হয়ে থাকবেন।’

গত বছর পাঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফি নিয়ে ফেরার পর লাখ লাখ মানুষ রাস্তায় ভিড় করেছিলেন। সেই ভিড় সামলাতে গিয়েই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হন। ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছিল।

​তবে এবার বিসিসিআই এই মাঠে পুনরায় ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। মেনন জানান, ভিড় নিয়ন্ত্রণে এবার ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে। এই প্রযুক্তি স্ট্যান্ডে থাকা মানুষের সঠিক সংখ্যা মুহূর্তেই জানিয়ে দেবে, যা বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে।