আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা বহাল: তথ্য মন্ত্রণালয়
ক্রিকেটপ্রেমীদের মধ্যে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে নতুন করে আশার সঞ্চার হচ্ছিল, ঠিক তখনই এলো ভিন্ন সুর। নানা গণমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ছড়ালেও সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল সম্প্রচারের ওপর আগের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
শনিবার এক বিবৃতিতে তথ্য মন্ত্রণালয় জানায়, আগের সরকারের নেওয়া আইপিএল সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে, যার জন্য গত ২৫ মার্চ একটি চিঠিও পাঠানো হয়েছে।
এর আগে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জহির উদ্দিন স্বপনের একটি বক্তব্যকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমে প্রকাশিত হয় যে, বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, 'আমাদের কাছে আইপিএল সম্প্রচারের জন্য কেউ আবেদন করেনি। আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখব, কেউ আবেদন করলে ইতিবাচকভাবে বিবেচনা করব।'
তবে এসব প্রতিবেদনকে ‘ভুল ব্যাখ্যা’ হিসেবে উল্লেখ করে পরে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় তথ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ, আপাতত আইপিএল সম্প্রচার নিয়ে কোনো পরিবর্তন আসছে না, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণার।