বিসিবি থেকে আরেক পরিচালকের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন আরও একজন পরিচালক। বোর্ডের লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর।

গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুজন পরিচালকের একজন হিসেবে বোর্ডে এসেছিলেন ইয়াসির। বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন পরিচালনা পর্ষদ থেকে।

বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে ইয়াসির বলেন, 'ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি। বিসিবির কেন্দ্রীয় দপ্তরে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার এই সিদ্ধান্তের পেছনে কোনো বাইরের হস্তক্ষেপজাতীয় বিষয় নেই।'

বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন ইয়াসির। এর আগে ইশতিয়াক সাদেক আর আমজাদ হোসেনও ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালক পদ থেকে সরে দাঁড়ান।

তবে সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বুলবুল অবশ্য জানিয়েছিলেন, ইশতিয়াক ও আমজাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। তবে তাদের বিদায়ের পর আরও কয়েকজন পরিচালকের বোর্ড থেকে সরে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সেটিই বাস্তবে রূপ নিয়েছে ইয়াসিরের পদত্যাগের সিদ্ধান্তে।

গত বছরের ৬ অক্টোবর বোর্ড গঠনের সময় এনএসসির মনোনীত পরিচালকদের একজনকে নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। প্রথমে ইয়াসিরের সঙ্গে ইশফাক আহসানকে মনোনয়ন দেওয়া হয়। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইশফাকের সংশ্লিষ্টতার খবর সামনে আসায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের মনোনয়নে পরিবর্তন আনে। ইশফাকের স্থলাভিষিক্ত হন রুবাবা দৌলা, যিনি বর্তমানে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের ভূমিকায় আছেন।