বোর্ড সভার পর বিসিবি পরিচালক ফাইয়াজুরের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে এবার সরে দাঁড়ালেন ফাইয়াজুর রহমান। এর মাধ্যমে বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের তালিকায় আরও একটি নাম যুক্ত হলো। তিনি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ফাইয়াজুর। দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, এই বিষয়ে আর কিছু বলতে চান না।
ফাইয়াজুর বলেছেন, 'আজ বোর্ড সভার পর আমি আমার পদ থেকে পদত্যাগ করেছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না।'
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই চতুর্থ পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন ফাইয়াজুর। এর আগে ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন আর ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ান।
মাত্র দুদিন আগে গত বৃহস্পতিবার ইয়াসির পদত্যাগ করেন। গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুজন পরিচালকের একজন হিসেবে বোর্ডে এসেছিলেন তিনি। এর আগে গত জানুয়ারিতে সরে দাঁড়ান ইশতিয়াক। আর গত মাসে বিসিবি পরিচালকের পদ থেকে ইস্তফা দেন আমজাদ। তাদের সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
গত বছরের ৬ অক্টোবর বোর্ড গঠনের সময় এনএসসির মনোনীত পরিচালকদের একজনকে নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। প্রথমে ইয়াসিরের সঙ্গে ইশফাক আহসানকে মনোনয়ন দেওয়া হয়। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইশফাকের সংশ্লিষ্টতার খবর সামনে আসায় ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের মনোনয়নে পরিবর্তন আনে। ইশফাকের স্থলাভিষিক্ত হন রুবাবা দৌলা, যিনি বর্তমানে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের ভূমিকায় আছেন।