গত বছর ধরেই এমন শুরুর স্বপ্ন বুনছিলেন রেকর্ড গড়া প্রফুল
প্রায় অচেনা নাম হিসেবে বল হাতে নিয়েছিলেন প্রফুল হিঙ্গে। সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার শুরুতেই করলেন বাজিমাত। অভিষেকে একদম প্রথম ওভারে তিন উইকেট নিয়ে নাম লেখালেন ইতিহাসে। পরে নিয়েছেন আরও একটি উইকেট। তার সঙ্গে মিলে আরেক অভিষিক্ত সাকিব হোসেনও নিয়েছেন চার উইকেট। দুই পেসারের তোপে উড়তে থাকা রাজস্থান রয়্যালসকে বিধ্বস্ত করে জয়ে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচ সেরা হওয়ার পর নিজের লক্ষ্যের কথা জানিয়ে প্রফুল হিঙ্গে বলেন, 'গত বছর আমি লিখে রেখেছিলাম যে, যখনই প্রথম ম্যাচ খেলব, অবশ্যই চার বা পাঁচটি উইকেট নেব। আমি পাওয়ারপ্লেতে যতটা সম্ভব দাপট দেখাতে চেয়েছিলাম।'
রাজস্থানের হয়ে খেলা পনেরো বছর বয়সী বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে শুরু হিঙ্গের। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হয়ে ওঠা এই তরুণ বিস্ময় গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। মূলত প্রফুল হিঙ্গে এবং ২১ বছর বয়সী হোসেনের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রাজস্থান।
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা এই দুই বোলার মিলে মাত্র ৫৮ রান দিয়ে ৮টি উইকেট দখল করেন।
হিঙ্গে তাঁর প্রথম ওভারেই সূর্যবংশী, ধ্রুব জুরেল এবং লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে আইপিএলে এক অবিশ্বাস্য শুরু করেন। অন্য প্রান্তে হোসেন নিজের চতুর্থ বলে যশস্বী জয়সোয়ালকে আউট করেন এবং পরের ওভারে রিয়ান পরাগকে ফিরিয়ে দিয়ে হায়দরাবাদের গ্যালারিতে উল্লাসের জোয়ার বইয়ে দেন।
মাত্র ৯ রানে ৫ উইকেট হারিয়ে রাজস্থানের ইনিংস তখন খাদের কিনারায়। সানরাইজার্সের করা ২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করা তাঁদের জন্য কার্যত অসম্ভব হয়ে পড়ে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে নিজের আদর্শ মানা প্রফুল হিঙ্গে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে হোসেনও ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে ২৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন।
রাজস্থানের পক্ষে ডনোভান ফেরেরা ৬৯ এবং রবীন্দ্র জাদেজা ৪৫ রান করে লড়াই করার চেষ্টা করলেও দল ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। চলতি আসরে এটিই রাজস্থানের প্রথম হার।
এর আগে হায়দরাবাদ অধিনায়ক ঈশান কিষাণ ৪৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২১৬ রানে পৌঁছে দেন। তিনি হেনরিক ক্লাসেনের সঙ্গে ৮৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। রাজস্থানের পক্ষে জোফ্রা আর্চার ২ উইকেট শিকার করেন।