টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শেষ মুহুর্তে একাদশে নেই মোস্তাফিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম দিনের আলোয় হতে চলা ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার প্রথম ওয়ানডেতে সর্বশেষ খেলা ম্যাচ থেকে বদল এসেছে একটাই। মোস্তাফিজুর রহমান অসুস্থ বোধ করায় জায়গায় খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
টসের সময় ছুটে এসে বাংলাদেশের কোচ ফিল সিমন্স মিরাজকে ডেকে নিয়ে কিছু একটা বলেন, এতে টস খানিকটা দেরি হয়। ধারণা করা হচ্ছে মোস্তাফিজের অস্বস্তিবোধ করার খবর দিয়ে একাদশে বদলের কথা জানিয়েছিলেন তিনি। পরে অবশ্য বিসিবির গণমাধ্যম বিভাগ নিশ্চিত করে, সকালে খেলার কথা থাকলেও ম্যাচের ঠিক আগে অসুস্থ বোধ করেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজ।
বাংলাদেশের একাদশে কৌতূহল ছিলো ওপেনিং নিয়ে। তবে আগের সিরিজে ভালো না করা সাইফ হাসানের বদলে সৌম্য সরকারকে এই ম্যাচেও ফেরানো হয়নি। আগের মতই টিকে গেছেন নিচের দিকে রান না পাওয়া আফিফ হোসেনও।
নিউজিল্যান্ড তাদের একাদশে রেখেছে তিন পেসার ও এক স্পিনার। আগের দিনই দলটির অধিনায়ক টম ল্যাথাম জানিয়েছলেন, উইকেট দেখে তাদের বেশ ভালোই মনে হচ্ছে। আদর্শ উইকেটে শক্ত লড়াইয়ের প্রত্যাশা তার।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডন লিনক্স, উইল ও'রর্কি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা।