কোণঠাসা পরিস্থিতিতে আরেকটি খারাপ খবর পেল চেন্নাই
আইপিএলের মাঝপথে বড়সড় এক ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ছন্দে থাকা তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে। মঙ্গলবার (২১ এপ্রিল) সিএসকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই ১৮ বছর বয়সী ক্রিকেটারের চোট কাটিয়ে ফিরতে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। ফলে চলতি আসরে তার আর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই।
গত ১৮ এপ্রিল হায়দ্রাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাটিং করার সময় চোট পান মাত্রে। ইনিংসের এক পর্যায়ে দ্বিতীয় রানের জন্য দৌড়াতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। মাঠেই কয়েকবার ফিজিওর শরণাপন্ন হতে হয় তাকে। আউট হয়ে সাজঘরে ফেরার সময় রামকৃষ্ণ ঘোষ ও ফিজিও টমি সিমসেকের কাধে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায় এই তরুণকে। সোমবার তার স্ক্যান করানো হলে চোটের গভীরতা ধরা পড়ে।
মাত্রের এই অনুপস্থিতি সিএসকের জন্য বড় ক্ষতি, কারণ প্রথম তিন ম্যাচে হারার পর তারা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই এই দুঃসংবাদ এল। এখন পর্যন্ত ১৭৭.৮৭-এর বিধ্বংসী স্ট্রাইক রেটে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই মাত্রেই।
মৌসুম শুরুর আগেই চোটে পড়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি, এরপর চোটে ছিটকে যান পেসার খলিল আহমেদ। এবার ছন্দে থাকা তরুণ ব্যাটার আয়ুষ মাত্রেকেও টুর্নামেন্টের মাঝপথে হারালো তারা। এরমধ্যে পয়েন্ট টেবিলে নিচের দিকে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এর বাইরেও আসর শুরুর আগেই চোটের কারণে নাথান এলিস ছিটকে গিয়েছিলেন এবং শুরুর ম্যাচগুলোতে খেলতে পারেননি ডেওয়াল্ড ব্রেভিসও। সমর্থকদের নজর এখন মহেন্দ্র সিং ধোনির ওপর। ফিটনেস সাপেক্ষে হয়তো তাকে দ্রুতই মূল একাদশে দেখা যেতে পারে।