'জোহানেসবার্গের স্বাদ পেলাম ওয়াংখেড়েতে', বিধ্বংসী ইনিংসের পর রিকেলটন

স্পোর্টস ডেস্ক

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২২৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়টা সহজ করে দেন রায়ান রিকেলটন। ৩২ বলে ৮৩ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতা এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার প্রশংসায় ভাসিয়েছেন সঙ্গী রোহিত শর্মাকে। চোট কাটিয়ে ফেরার ম্যাচে যিনিও ছিলেন বিধ্বংসী। ম্যাচ জেতানো ইনিংস খেলা রিকেলটন বলছেন ওয়াংখেড়ের উইকেটে নিজের ঘরের মাঠ জোহানেসবার্গের ছায়া খুঁজে পেয়েছেন তিনি।

আইপিএলে এবার চরম কোণঠাসা অবস্থায় থাকা মুম্বাই লক্ষ্ণৌ সুপার জায়ান্টের ২২৮ রান টপকাতে গিয়ে ৮ বল আগেই ৬ উইকেটে জিতেছে। মাত্র ৩২ বলে ৮২ রান করে যেখানে নায়ক প্রোটিয়া ব্যাটার। রোহিত করেন ৪৪ বলে ৮৪ রান।

ম্যাচ সেরা হয়ে রিকেলটন বলেন, 'আমার মনে হয় আমার খেলার ধরন এই মাঠের সঙ্গে বেশ মানানসই, জোহানেসবার্গেও অনেকটা একই রকম পেস ও বাউন্স পাওয়া যায়। শট খেলার জন্য দারুণ ভ্যালু পাওয়া যায় এখানে, নিজের ঘরের মাঠের কন্ডিশন অনুযায়ী আমি আমার খেলাটা গুছিয়ে নিয়েছি। যখন আমরা সফর করি, তখন আরও উন্নতি করার সুযোগ থাকে।'

আইপিএলের বর্তমান ব্যাটিং তাণ্ডব নিয়ে অবাক রিকেলটন আরও যোগ করেন, 'আজকাল যেভাবে রান তাড়া হচ্ছে, আইপিএল সত্যিই অবিশ্বাস্য হয়ে উঠছে। তিন নম্বর থেকে সাত, আট বা নয় নম্বর পর্যন্ত আমাদের যে পাওয়ার আছে... আমরা যদি একটা ভালো প্ল্যাটফর্ম গড়ে দিতে পারি এবং পাওয়ার প্লে জিততে পারি, তবেই আমার কাজ শেষ। এটি আমার কাছে আমার ভূমিকাটা আরও পরিষ্কার করে দেয়।'


এদিন রোহিত শর্মার সঙ্গে ১৪৩ রানের বিধ্বংসী ওপেনিং জুটি গড়েন রিকেলটন। রোহিত ৪৪ বলে ৮৪ রান করলেও রিকেলটনের স্ট্রাইক রেট ছিল ২৫৯-এর উপরে। পাওয়ার প্লেতে এই দুইজনের তাণ্ডবেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় লক্ষ্ণৌ। রিকেলটনের মতে, দলের ব্যাটিং গভীরতা বেশি বলেই তিনি শুরুতে এমন নির্ভীক ব্যাটিং করার লাইসেন্স পাচ্ছেন।