টি-টেন লিগের ড্রাফটে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় হিসেবে আগেই টি-টেন লিগ খেলা নিশ্চিত করেছেন সাকিব আল হাসান। দ্বিতীয়বারের মতো এই লিগ খেলতে ড্রাফটে নাম দিয়েছেন তামিম ইকবাল। এবার জানা গেল মোস্তাফিজুর রহমানও থাকছেন আবুধাবি টি-টেন লিগের ড্রাফটে।

টি-টেন লিগ কর্তৃপক্ষ টুইটার পোস্টে দিয়েছে এই খবর। তারা লিখেছে- ব্যাটসম্যানরা সাবধান! ডেভিড উইলি, দুশমন্ত চামিরা, মোস্তাফিজুর রহমান, তাবরাইজ শামসি ও টাইমাল মিলস আবুধাবি টি-টেন লিগের ৬ষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন।

১০ ওভারের টুর্নামেন্টটিতে সুযোগ পেলেও আগে কখনো খেলা হয়নি মোস্তাফিজের। প্রথম আসরে বাংলা টাইগার্স দলে সুযোগ পেলেও তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। সেই আসরেই কেরালা কিংসের হয়ে খেলে শিরোপা জিতেছিলেন সাকিব। তামিম ছিলেন পাখতুনসের দলে।

সাকিবের সঙ্গে এবার আগেভাগেই চুক্তি সেরে নিয়েছে বাংলা টাইগার্স। দলটির হয়ে তিনি খেলছেন। এই দলের প্রধান কোচ বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। পরামর্শক হিসেবে থাকবেন নাজমুল আবেদিন ফাহিম।

সাকিবের দল ঠিক হয়ে গেলেও তামিম ও মোস্তাফিজ কোন দলে খেলবেন তা নিশ্চিত হওয়া যাবে ২৬ সেপ্টেম্বর। সেদিনই অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ২৩ নভেম্বর আবুধাবিতে শুরু হবে ১০ ওভারের আসর।