পিএসএলে গিয়ে প্রথম ম্যাচে বিবর্ণ সাকিব

স্পোর্টস ডেস্ক

বিপিএল থেকে ছিটকে গিয়েই পিএসএলে ঠিকানা খুঁজে নিয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৭ সালের পর পাকিস্তানের লিগটিতে ফেরার ম্যাচ আলোকিত করতে পারলেন না বাংলাদেশের তারকা।

পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে গিয়ে প্রথম ম্যাচে ব্যাটিং পাননি সাকিব। বল হারে ৩ ওভার হাত ঘুরিয়ে দিয়ে দেন ৩২ রান।

নিজের পারফরম্যান্স বিবর্ণ হলেও সাকিবের দল জিতেছে রোমাঞ্চকর ম্যাচ। করাচি কিংসকে ২ রানে হারায় বাবর আজমের দল।

আগে ব্যাট করে টম কোহলার-ক্যাডমোরের ৫০ বলে ৯২ ও অধিনায়ক বাবরের ৪৬ বলে ৬৮ রানে ৫ উইকেটে ১৯৯ রান করে পেশাওয়ার। জবাবে  ইমাদ ওয়াসিমের ৪৭ বলে অপরাজিত ৮০ রানের তান্ডবের পরও ৫ উইকেট হারিয়ে ১৯৭ পর্যন্ত যেতে পারে করাচি।

করাচিতে বড় রানের ম্যাচে প্রথম ওভারটি দারুণ করেছিলেন সাকিব। পরের ওভারও ছিল জুতসই। তৃতীয় ওভারের খরুচে বোলিং তার ফিগার করে দেয় এলোমেলো।

পঞ্চম ওভারে বল হাতে নেন সাকিব, করাচির রান তখন ২ উইকেটে ৪০। ওই ওভারে তিনি দেন ৩ রান। একাদশে ওভারে আবার এসে দেন ৮ রান। ২ ওভারে কেবল ১০ রান। তৃতীয় ওভারে ২ চার, ১ ছয়ে দিয়ে দেন ২১ রান।

'রিজার্ভ সাপ্লিমেন্টারি' হিসেবে এবার পেশোয়ারে ৫ ম্যাচ খেলবেন সাকিব। ২৬ ফেব্রুয়ারি নিজের শেষ ম্যাচ খেলে ইংল্যান্ড সিরিজের জন্য দেশে ফিরে আসবেন বাংলাদেশের তারকা।